২০২৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপ-পরবর্তী প্রথম ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক উইন্ডো।
সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে বিশ্বকাপের রানার্সআপরা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ, ম্যাচের দিন ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। তবে এর আগে অপেক্ষা ফিফার অনুমোদনের। ম্যাচগুলো ‘ক্লাস এ’ স্বীকৃতি পাবে কি না, সে সিদ্ধান্ত আসতে পারে মঙ্গলবার সকালেই।
‘ক্লাস এ’ মর্যাদা পেলে ম্যাচগুলো ফিফা র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে এবং খেলোয়াড়দের জাতীয় দলের পরিসংখ্যানেও যুক্ত হবে। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষে জড়িয়ে নিষিদ্ধ হওয়া লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এসব ম্যাচে খেলেই নিজেদের নিষেধাজ্ঞার মেয়াদ কাটাতে পারবেন।
বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা না পাওয়া কয়েকজন তরুণ ফুটবলারকেও এই প্রীতি ম্যাচগুলোতে সুযোগ দেওয়া হতে পারে। দলের অনুশীলন শুরু হওয়ার সম্ভাবনা ২২ বা ২৩ সেপ্টেম্বর এজেইজা ক্যাম্পে।
তবে ম্যাচগুলোর আগে সবচেয়ে বড় প্রশ্ন কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে। বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের দায়িত্বে তার থাকা না-থাকা নিয়ে আলোচনা চলছে। এএফএর চাওয়া, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিই দায়িত্বে থাকুন। বিষয়টি তাকে জানানো হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তিনি।
স্কালোনিকে কোনো ধরনের চাপ দিতে চায় না এএফএ। বরং তার ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে তারা। কোচিং স্টাফের বেশিরভাগ সদস্যই তার সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী। শেষ পর্যন্ত সিদ্ধান্ত অবশ্য স্কালোনিরই।
ফিরবেন কি মেসি?
সব আলোচনার মাঝেও আর্জেন্টাইন সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল লিওনেল মেসিকে ঘিরে। গত মাসের শেষ দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তাই বলিভিয়া, বুরকিনা ফাসো কিংবা বেনিনের বিপক্ষে কোনো একটি ম্যাচে তাকে শেষবারের মতো আকাশি-সাদা জার্সিতে দেখা যাবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
ডিবিসি/ আরএফই