সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় তিন প্রধান শহর জেদ্দা, মক্কা ও তায়েফে ‘সম্ভাব্য হামলার’ আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সরকার। একই সঙ্গে এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান এবং সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে দেশটির জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের (National Early Warning Platform for Emergencies) মাধ্যমে এই সতর্কতা বার্তা পাঠানো হয়। তবে সতর্কবার্তায় সম্ভাব্য বিপদের সুনির্দিষ্ট কারণ বা ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাসিন্দাদের অবিলম্বে নিকটস্থ নিরাপদ স্থানে, বিশেষ করে ভবনের ভেতরের কক্ষে জানালার থেকে দূরে অবস্থান নিতে বলা হয়েছে। এছাড়া খোলা স্থান, জানালা, বারান্দা এবং ভবনের ছাদ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যারা বাইরে অবস্থান করছেন, তাদের দ্রুত কোনো পাকা ভবনে বা শক্ত কাঠামোর আড়ালে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
গাড়িচালকদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, সতর্কতা সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে উড়ালসড়ক (ব্রিজ) এবং বহুতল ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি পার্ক করতে। একই সঙ্গে যেকোনো ধরণের জমায়েত এড়িয়ে শুধুমাত্র নির্ভরযোগ্য সরকারি সূত্র থেকে তথ্য অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিবিসি/আরএসএল