কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে, পিঠের ওপর ইট দিয়ে পৈশাচিকভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে মর্মান্তিক এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, চুরির অভিযোগে ফয়সাল নামের ওই যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে তাঁর পিঠের ওপর ইট দিয়ে একদল কিশোর পেটাচ্ছে।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে ওই যুবককে চোর সন্দেহে আটকের পর খুঁটির সঙ্গে বেঁধে পেটানো হয়। মঙ্গলবার সকালেও তাকে আরেক দফা পেটানো হয়। এতে তার মৃত্যু হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান জানান, ঘটনার বিষয়টি জানার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিবিসি/ এসভিএন