দেশের অর্থনীতিতে ইতিবাচক ধারা অব্যাহত রেখে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম আড়াই মাসে বৈধ চ্যানেলে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।
গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬ দশমিক ৩৭৫ বিলিয়ন ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৯৭৬ মিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহে (১ থেকে ১৪ সেপ্টেম্বর) দেশে ১ দশমিক ৫২৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ে ছিল ১ দশমিক ৪৭৫ বিলিয়ন ডলার। এই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪ শতাংশ। এছাড়া শুধু ১৪ সেপ্টেম্বর একদিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে ৯৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, হুন্ডি রোধে কড়াকড়ি এবং ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় প্রবাসীরা বৈধ মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে আরও বেশি উৎসাহী হচ্ছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে।
ডিবিসি/এমএনকে