সারা বাংলা

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় গোপন আস্তানা থেকে রোহিঙ্গাসহ ১৩ জন উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন রোহিঙ্গা এবং ১১ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের বাহারছড়ার দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে অবৈধভাবে সাগরপথে মানুষকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করে আসছে। 

 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মঙ্গলবার রাতে কচ্ছপিয়া এলাকায় বেশ কয়েকজন নারী-পুরুষকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

 

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরপথে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং উদ্ধারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন