নাটোরের সিংড়ায় পুকুরে বিষ দিয়ে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনের কোনো একসময় এই বিষ প্রয়োগ করা হয়। সন্ধ্যায় পুকুরের মালিক গিয়ে দেখতে পান, পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। উপজেলার কান্তনগর বিলে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মাছচাষি মো. মিজানুর রহমান জানান, তার তিন বিঘা পুকুরে দেশি টেংরা মাছ চাষ করা হয়েছিল। পরিকল্পিতভাবে বিষ দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন। আক্ষেপ করে তিনি বলেন, ‘অনেক ঋণ করে মাছ চাষ করেছি। কয়েক দিনের মধ্যেই এসব মাছ ধরে বিক্রি করার কথা ছিল। কিন্তু তার আগেই এমন ঘটনা ঘটল।’ এ বিষয়ে আগামীকাল মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।
এদিকে, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।
ডিবিসি/ এসভিএন