রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সমস্ত ফ্রন্টলাইন এলাকায় রুশ বাহিনীর সাথে তীব্র লড়াইয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় ১,২২৫ জন সৈন্য হারিয়েছে।
রাশিয়ার বিভিন্ন ব্যাটলগ্রুপের দায়িত্বাধীন এলাকাভিত্তিক পরিসংখ্যানে এই ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্যাটলগ্রুপ নর্থের এলাকায় ১৯৫ জন পর্যন্ত, ব্যাটলগ্রুপ ওয়েস্টের এলাকায় প্রায় ২০০ জন, ব্যাটলগ্রুপ সাউথডের এলাকায় প্রায় ১৬৫ জন, ব্যাটলগ্রুপ সেন্টারের এলাকায় ৩১৫ জনেরও বেশি, ব্যাটলগ্রুপ ইস্টের এলাকায় ২৮৫ জন পর্যন্ত এবং ব্যাটলগ্রুপ ডনিপ্রোর এলাকায় প্রায় ৩৫ জন সৈন্য হতাহত বা নিখোঁজ হয়েছে।
সেনাবাহিনীর এই ক্ষয়ক্ষতির পাশাপাশি ইউক্রেনের রসদ ও পরিবহন অবকাঠামোতেও বড় ধরনের আঘাত হেনেছে রুশ বাহিনী।
মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে ওডেসা অঞ্চলের ভেলিকায়া বালকা-তে অবস্থিত একটি রসদ কেন্দ্রে সমন্বিত ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে বিদেশ থেকে আসা সামরিক সরঞ্জাম মজুত রাখা হতো। পাশাপাশি চেরনোমোরস্ক বন্দরে ইউক্রেনের জন্য পণ্য সরবরাহকারী একটি শুষ্ক পণ্যবাহী জাহাজ ও একটি রো-রো ফেরিতেও হামলা চালানো হয়েছে।
এছাড়া, পশ্চিম ইউক্রেনে ইউরোপীয় দেশগুলো থেকে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত রেল অবকাঠামো এবং ভোলিন অঞ্চলের ইয়াগোদিন চেকপয়েন্টসহ সীমান্ত চৌকিগুলোতেও হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী, যার ফলে বিদেশি সামরিক সাহায্যের স্থল সরবরাহ পথ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের কথা জানিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, গত রাতে ওরিওল, বেলগোরোদ, ভোরোনেঝ, তুলাসহ বিভিন্ন অঞ্চল এবং কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া ২২২২টি ইউক্রেনীয় স্থির-ডানাযুক্ত ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সামগ্রিকভাবে ৫৮৯টি মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) এবং ছয়টি গাইডেড এরিয়াল বোমা ভূপাতিত করা হয়েছে।
এদিকে খারকভ অঞ্চলে রুশ ব্যাটলগ্রুপ নর্থের অগ্রাভিযান ও ঘেরাও অভিযান আরও জোরদার করা হয়েছে। রুশ বাহিনী খারকভ অঞ্চলের ওলখোভাতকা বসতির নিয়ন্ত্রণ নিয়েছে এবং গ্রামটির পূর্বে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদলগুলোকে ধ্বংস করছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে কেবল খারকভ অঞ্চলের অবরুদ্ধ এলাকাগুলো থেকেই প্রায় ৪৯০ জন ইউক্রেনীয় সেনাকে নির্মূল করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ঘেরাও ভেঙে বেরিয়ে আসার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
সূত্র: তাস
ডিবিসি/এমএনকে