দিল্লি থেকে বিহার যাওয়ার পথে চলন্ত সীমাঞ্চল এক্সপ্রেস থেকে পড়ে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের ফয়জুল্লাহপুর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। প্রায় ২৩ ঘণ্টা পর রেললাইনের পাশের ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
দিল্লির সীতাপুরীর বাসিন্দা মোহন কুমার স্ত্রী কাজল ও ছেলেকে নিয়ে বিহারের বেগুসরাই জেলার সালৌনা গ্রামে যাচ্ছিলেন। আনন্দ বিহার থেকে ট্রেনটির এস-১ কোচের ৬১ ও ৬৪ নম্বর বার্থে ওঠেন তারা।
পুলিশ জানায়, মোহন শৌচাগারে গেলে কাজল শিশুকে খাওয়ানোর একপর্যায়ে কোলে নিয়েই ঘুমিয়ে পড়েন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ফয়জুল্লাহপুর স্টেশনের কাছে শিশুটি মায়ের কোল থেকে পিছলে জরুরি বহির্গমনের জানালা দিয়ে বাইরে পড়ে যায়। মোহন ফিরে এসে সন্তানকে না পেয়ে স্ত্রীকে নিয়ে পুরো কামরায় খোঁজ করেন।
মোহনের অভিযোগ, সন্তান পড়ে গেছে বুঝতে পেরে খাগা ও সিরাথুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় ট্রেন থামাতে চেন টানার চেষ্টা করেন তিনি। কিন্তু যাত্রী ও ট্রেনকর্মীরা তাকে বাধা দেন। পরে প্রয়াগরাজে পৌঁছে রেলপুলিশকে ঘটনাটি জানান।
পুলিশ ও রেলপুলিশের যৌথ দল রাতে রেললাইনের পাশে তল্লাশি শুরু করে। ঘন ঝোপঝাড় ও জমে থাকা পানির কারণে তল্লাশিতে সমস্যা হয় বলে পুলিশ জানিয়েছে। প্রায় ২৩ ঘণ্টা পর ফয়জুল্লাহপুর স্টেশনের কাছে শিশুটির মরদেহ পাওয়া যায়।
জিআরপি এসপি প্রশান্ত কুমার জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে মায়ের কোল থেকে পিছলে জানালা দিয়ে পড়ে যাওয়ার ধারণা করা হচ্ছে।
মোহন জানান, তিন বছর পর বাড়ি ফিরছিলেন তারা। ময়নাতদন্ত শেষে সন্তানের মরদেহ নিয়ে বিহারে না গিয়ে দিল্লি ফিরে যান বাবা-মা।
সূত্র: আনন্দবাজার
ডিবিসি/এসএফএল