আন্তর্জাতিক

লিথুয়ানিয়ায় রাশিয়ার সন্দেহভাজন ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লিথুয়ানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অধীনস্থ একটি ইতালীয় যুদ্ধবিমান। ড্রোনটিতে বিস্ফোরক ছিল বলে দাবি করেছেন লিথুয়ানিয়ার প্রতিরক্ষা কর্তৃপক্ষ। এ ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেন যুদ্ধ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা জোরদার হচ্ছে।

লিথুয়ানিয়ার জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, মঙ্গলবার প্রতিবেশী বেলারুশ সীমান্ত দিয়ে ড্রোনটি তাদের আকাশসীমায় প্রবেশ করে। পরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কাউনাসের উত্তরে প্রাতকুনাই এলাকার আকাশে ইতালীয় যুদ্ধবিমানটি সেটিকে গুলি করে ভূপাতিত করে।

 

লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্টাস কাউনাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ড্রোনটিতে বিস্ফোরক বোঝাই ছিল। ড্রোনটি রাশিয়া নাকি অন্য কোনো দেশের, তা নিশ্চিত হতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা ধ্বংসাবশেষ পরীক্ষা করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত সামরিক দলের সাথে বৈঠকের পর তিনি বলেন, ইতালীয় যুদ্ধবিমানের এই পদক্ষেপ আটলান্টিক জোটের গুরুত্ব এবং সত্যিকারের মিত্রতার প্রমাণ দিয়েছে।

 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এই ঘটনাকে ইউরোপের বিরুদ্ধে ধারাবাহিক "আগ্রাসন ও উসকানির" অংশ হিসেবে অভিহিত করেছেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল সরাসরি রাশিয়ার ওপর দায় চাপিয়ে জানান, ন্যাটোভুক্ত দেশগুলো এমন আচরণে ভীত হবে না। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

সাম্প্রতিক দিনগুলোতে অঞ্চলে উত্তেজনা দ্রুত বাড়ছে। গত সোমবার বাল্টিক সাগরে একটি রুশ যুদ্ধজাহাজ পর্যবেক্ষণকালে ডেনমার্কের সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে ফ্লেয়ার ছোড়ে রাশিয়া। এছাড়া রোববার পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনের ওপর রাশিয়ার ড্রোন হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রতিনিধিদের একটি প্রতিনিধিদল ওই স্টেশন অতিক্রম করার কয়েক মিনিট পরই সেই হামলা চালানো হয়েছিল।

 

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিজ জানান, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে রাশিয়ার পদক্ষেপ গোটা ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

 

পরিস্থিতি পর্যালোচনা করে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ইউক্রেনকে অতিরিক্ত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, যুদ্ধ ইতোমধ্যে বিস্তৃত হয়েছে এবং কোনো সমঝোতা চুক্তি না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। তবে তিনি দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো শান্তিপূর্ণ সমঝোতা চান না।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন