সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-বাহা অঞ্চলের আল-আকিক গভর্নরেটের আল-মামালাহ প্রত্নস্থলে খননকাজ চালিয়ে ১৩০০ বছরেরও বেশি পুরোনো একটি প্রাচীন মসজিদ উন্মোচন করা হয়েছে। সৌদি হেরিটেজ কমিশন জানিয়েছে, এই আবিষ্কারের মাধ্যমে রাজ্যের প্রারম্ভিক ইসলামী যুগ এবং তৎকালীন মসজিদের স্থাপত্যশৈলী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
মসৃণ গ্রানাইট পাথরে নির্মিত ১০ মিটার × ১৬ মিটার আয়তনের এই মসজিদটিতে একটি বর্গাকার মিনার, একটি মিহরাব এবং আটটি পরিষেবা কক্ষ সংযুক্ত রয়েছে। পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে তিনটি প্রবেশদ্বারবিশিষ্ট এই স্থাপনার ভেতরের দেয়ালে জিপসাম প্লাস্টারের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রত্নতাত্ত্বিকদের মতে, এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ভেতরের ও বাইরের দেয়ালে খোদিত প্রাচীন ইসলামী শিলালিপি বা কুরআনের আয়াত।
বিশেষ করে মসজিদটির কিবলা দেয়ালে নবী মুহাম্মদ (সাঃ)-এর উদ্দেশ্যে একটি প্রাচীন দোয়া আবিষ্কৃত হয়েছে। শিলালিপিটিতে লেখা রয়েছে: “ধার্মিক ও নির্বাচিতদের আশীর্বাদ বর্ষিত হোক মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্রের উপর, আমিন। হে সত্যের ঈশ্বর, সকল সৃষ্টির প্রভু।”
এর আগে গত জুন মাসে মদিনা অঞ্চলের আল-মাহদ প্রদেশে ১,৭৭৪টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নথিভুক্ত করে সৌদি কর্তৃপক্ষ। সেখানে ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাবের নামাঙ্কিত একটি বিরল শিলালিপিও আবিষ্কৃত হয়েছিল, যেখানে লেখা ছিল: ‘আল্লাহ এই দুনিয়া ও পরকালে উমর ইবনুল খাত্তাবের রক্ষাকর্তা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।’
সূত্র: খালিজ টাইমস
ডিবিসি/পিআরএএন