ভারতীয় টুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণায় ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে স্বস্তি দেখা দিলেও যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামী পাসপোর্ট যাত্রীর সংখ্যা আশানুরূপ বাড়েনি। ভিসা পাওয়ার ক্ষেত্রে স্লট সংকট, অবৈধ স্লট বাণিজ্য এবং দেশের বিভিন্ন জেলায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় মারাত্মক ভোগান্তিতে পড়েছেন ভ্রমণপ্রত্যাশীরা।
সরেজমিনে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দেখা যায়, প্রতিদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল করলেও টুরিস্ট ভিসাধারীদের উপস্থিতি তুলনামূলক অনেক কম।
সাধারণ যাত্রীদের অভিযোগ, ভারতীয় টুরিস্ট ভিসার জন্য ওয়েবসাইটে আবেদন করতে গেলে স্লট মিলছে না। দিনের পর দিন চেষ্টা করেও কাঙ্ক্ষিত তারিখ পাচ্ছেন না অনেকেই। আর এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে একটি দালাল চক্র; অতিরিক্ত টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে স্লট।
ভ্রমণপ্রত্যাশীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভিসা চালু হলেও আবেদনের স্লট পাওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে সময় ও অর্থ দুটোরই ক্ষতি হচ্ছে।’
এছাড়া দেশের আঞ্চলিক কেন্দ্রগুলো পুরোপুরি সক্রিয় না থাকায় দূরদূরান্তের মানুষকে রাজধানীতে এসে অতিরিক্ত খরচ ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুর রহমান জানান, টুরিস্ট ভিসা শুরু হলেও চেকপোস্টে প্রত্যাশিত যাত্রীচাপ এখনো তৈরি হয়নি। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমিন জানান, যাত্রীসেবা স্বাভাবিক রাখতে বন্দরের সার্বিক প্রস্তুতি রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, পর্যাপ্ত স্লটের ব্যবস্থা করা, স্লট বাণিজ্য শক্ত হাতে দমন এবং বিভিন্ন অঞ্চলের ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম দ্রুত স্বাভাবিক করা হলে বেনাপোল দিয়ে ভারতগামী পাসপোর্ট যাত্রীর প্রবাহ আবারও স্বাভাবিক রূপ নেবে।
ডিবিসি/এমএনকে