যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি সড়ক দুর্ঘটনার সরাসরি খবর সম্প্রচারের সময় সংবাদমাধ্যমের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মাটিতে থাকা ব্যক্তি। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের তথ্যমতে, এই দুর্ঘটনায় আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনবিসি লস অ্যাঞ্জেলেসের (কেএনবিসি-টিভি) মালিকানাধীন 'নিউজচপার ৪' নামের হেলিকপ্টারটি একটি মেট্রো বাস ও অপর একটি যানের মারাত্মক সংঘর্ষের ঘটনার ওপর আকাশ থেকে সরাসরি প্রতিবেদন প্রচার করছিল। সে সময় লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী একটি গাড়ি পার্কিংয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। লাইভ সম্প্রচারে দেখা যায়, নিচে নামার ঠিক আগমুহূর্তে একটি সতর্কবার্তা বা অ্যালার্মের শব্দ শোনা যায় এবং এরপরই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।
ফায়ার ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানান, হেলিকপ্টারটি পার্কিংয়ে আছড়ে পড়ার পর কয়েকটি গাড়িতে আঘাত হানে। এতে চারটি গাড়ি ও দুটি কনটেইনার ক্ষতিগ্রস্ত হলেও আগুন কোনো ভবনে ছড়িয়ে পড়েনি। ৫০ জনেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
হতাহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টি খতিয়ে দেখবে বলে জানানো হয়েছে।
ডিবিসি/আরএসএল