নেত্রকোনায় জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের অভিযোগে রনি (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ১৩টি জাল এনআইডির প্রিন্ট কপি উদ্ধার করা হয়। এছাড়া তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আরও ৮০টি জাল এনআইডির সফট কপি পাঠানোর তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা পৌরসভার পুরাতন কোর্ট রোডের দত্ত মার্কেট এলাকার একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার হন টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাংগাইর গ্রামের রনি।
তার দেহ তল্লাশি করে এ-ফোর কাগজে প্রিন্ট করা সাতটি জাল জাতীয় পরিচয়পত্র এবং ছয়টি এনআইডির পেছনের অংশ উদ্ধার করা হয়। এসব জাল এনআইডিতে ভিন্ন ভিন্ন নাম, বাবার নাম, জন্মতারিখ, আইডি নম্বর ও ঠিকানা ব্যবহার করা হয়েছে। তবে প্রতিটি এনআইডিতে একই ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এছাড়া রনির ব্যবহৃত মোবাইল ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে অন্য একটি নম্বরে জাল এনআইডির ৮০টি সফট কপি পাঠানোর তথ্য পাওয়া যায়। পরে এসব আলামত জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রনিকে আদালতে পাঠানো হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন