চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন কয়লারমুখ বিওপির টহলদল এ অভিযান চালায়। আটক গরুগুলোর সিজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টা ৫৫ মিনিটে সীমান্ত পিলার ২২০৫/২ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধোগেড়ামারা এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহলদল। সকাল ৬টার দিকে ভারত থেকে তিনজন চোরাকারবারি ১০টি গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা।
এ সময় চোরাকারবারিরা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০টি ভারতীয় গরু আটক করা হয়। বিজিবির হিসাবে, আটক গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৬ লাখ টাকা।
রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল-ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান, মাদক, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।
ডিবিসি/এসভিএন