এক দিনও কর্মস্থলে না গিয়েই প্রতি মাসে ৭০ হাজার টাকার বেশি বেতন নেওয়ার অভিযোগ উঠেছে ভারতের কর্ণাটকের এক নারী চিকিৎসকের বিরুদ্ধে। তিনি স্থানীয় এক বিধায়কের ভাগ্নি।
বাগালকোটের একটি সরকারি ক্লিনিকে মেডিকেল অফিসার হিসেবে চাকরি করতেন ডা. অঙ্কিতা ইয়ারাগাল। গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনি একবারও ক্লিনিকে যাননি। অথচ এই পুরো সময়টাতে তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা চালিয়ে গেছেন এবং ঠিকই সরকারি বেতন তুলে গেছেন। এর ফলে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন।
বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। জেলা পরিষদের পক্ষ থেকে তাকে তদন্তে হাজির হওয়ার নোটিশ দেওয়া হলেও তিনি প্রথমবার উপস্থিত হননি। তাই আগামী ১৮ সেপ্টেম্বর তাকে সশরীরে হাজির হওয়ার জন্য আবার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি চাকরি রেখে অনুমতি ছাড়া এভাবে পড়াশোনা করা আইন ও চিকিৎসকদের নীতির পরিপন্থী। ইতিমধ্যে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তিনি যে বেতন নিয়েছেন, তার পুরোটাই ফেরত দিতে হতে পারে। পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসভিএন