যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, একটি সমঝোতায় পৌঁছানোর উদ্দেশ্যে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছে। একইসঙ্গে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন যে, তেহরানের সাথে চলমান উত্তেজনার অবসান হতে চলেছে এবং দুই দেশ খুব শিগগিরই যুদ্ধের শেষের দিকে এগোচ্ছে।
নর্থ ক্যারোলাইনায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বিমান থেকে নামার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।
সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরান সরকার একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ওয়াশিংটনের সাথে 'সরাসরি' যোগাযোগ করেছে এবং তেহরান এই চুক্তি করতে অত্যন্ত আগ্রহী। যোগাযোগের মাধ্যম সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি স্পষ্ট করেন যে, কোনো তৃতীয় পক্ষ বা মধ্যস্থতাকারীর মাধ্যমে নয়, বরং তেহরানের কাছ থেকে সরাসরি বার্তা পেয়েছে ওয়াশিংটন।
তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে নয়, বরং সরাসরি তথ্য পাচ্ছি।’
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার চলমান দ্বন্দ্ব বর্তমানে কোন পর্যায়ে আছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, ‘আশা করি আমরা যুদ্ধের শেষের দিকে এগোচ্ছি।’
ইরানের বর্তমান অবস্থান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘ইরান সত্যিই একটি চুক্তি করতে চায়। দেখা যাক এই প্রক্রিয়াটি শেষ পর্যন্ত কী দাঁড়ায়।’
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের বৈরী সম্পর্কে একটি নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। তবে এই সম্ভাব্য চুক্তি বা সমঝোতার শর্তাবলি কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: আনাদোলু
ডিবিসি/এমএনকে