সারা বাংলা

ভারতে যাওয়ার পথে মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইমিগ্রেশনে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তাকে আটক করা হয়। পরে মেহেরপুরের গাংনী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আইনি প্রক্রিয়া শেষে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে নিয়ে গাংনী থানার উদ্দেশে রওনা দেয়।

 

গ্রেপ্তার এম এ খালেক মেহেরপুরের গাংনী বাজারের থানা রোড এলাকার মোজাহার আলী বিশ্বাসের ছেলে।

 

দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, মেডিকেল ভিসায় চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে সকালে দর্শনা চেকপোস্টে আসেন এম এ খালেক।

 

কাগজপত্র পরীক্ষার সময় সন্দেহ হলে ইমিগ্রেশন পুলিশ গোয়েন্দা সংস্থার সহায়তায় তার পরিচয় ও তথ্য যাচাই করে। এ সময় তার বিরুদ্ধে একাধিক মামলার অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে গাংনী থানায় যোগাযোগ করে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়টি চূড়ান্ত করা হয়।

 

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক (এসআই) মো. তারিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় এম এ খালেককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

এদিকে এম এ খালেকের ছেলে আসিফ রেজা দাবি করেন, তার বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন এবং তার হার্টে ব্লক ধরা পড়েছে। জরুরি বাইপাস সার্জারির জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়।

আরও পড়ুন