ভারতের ঘটনা

ঝরনায় গোসলের সময় পর্যটকের ওপর পড়ল বিশাল সাপ!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটনকেন্দ্র আম্বোলি জলপ্রপাতে বেড়াতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে একটি পরিবার। ঝরনার পিচ্ছিল পথে শিশুকে কোলে নিয়ে হাঁটার সময় এক ব্যক্তির কাঁধের ওপর হঠাৎ ওপর থেকে পড়ে একটি বড় সাপ। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার সাহ্যাদ্রি পাহাড়ঘেরা আম্বোলি জলপ্রপাতে। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে ঝরনার নিচের অংশ দিয়ে এগিয়ে যাচ্ছেন। আশপাশে পরিবারের অন্য সদস্য ও পর্যটকেরাও অবস্থান করছিলেন।


হঠাৎ পাথরের ওপরের অংশ থেকে একটি বড় সাপ তার কাঁধে এসে পড়ে। তবে কয়েক মুহূর্তের মধ্যেই সাপটি পিছলে নিচে পড়ে পাথরের ফাঁকে ঢুকে যায় এবং পরে সেখান থেকে সরে পড়ে।


এ সময় উপস্থিত পর্যটকদের চিৎকার করে নিরাপদ দূরত্বে সরে যেতে দেখা যায়। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, সাপটি নাকি ‘কোবরা’। তবে সাপটির প্রজাতি নিশ্চিত হওয়া যায়নি।


ঘটনাটি বর্ষা মৌসুমে ঝরনা ও বনাঞ্চলসংলগ্ন পর্যটনকেন্দ্রে সতর্ক থাকার প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে। বিশেষ করে ঘন ঝোপঝাড়, পাথরের ফাঁক ও অতিরিক্ত পিচ্ছিল এলাকায় চলাচলের সময় পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন