আন্তর্জাতিক

স্মার্টফোনের আসক্তি ঠেকাতে বই পড়ার জন্য টাকা দিচ্ছে সিঙ্গাপুর সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্মার্টফোনে অকারণে স্ক্রল করা বা 'ডুমস্ক্রোলিং' ঠেকাতে নাগরিকদের বই পড়ার জন্য টাকা দিচ্ছে সিঙ্গাপুর সরকার। মনোযোগ, কল্পনাশক্তি ও যুক্তিনির্ভর চিন্তাধারার বিকাশের লক্ষ্যে চলতি মাসেই এই অভিনব উদ্যোগ চালু করেছে দেশটি।

এই কর্মসূচির আওতায় সরকারি ওয়েবসাইটে ১৫ মিনিটের একটি রিডিং সেশন লগ করলে ২০টি ভার্চুয়াল কয়েন পাওয়া যাবে। এভাবে ৫০টি সেশনের মাধ্যমে ১ হাজার কয়েন জমা হলে মিলবে ১ সিঙ্গাপুরিয়ান ডলার। দিনে সর্বোচ্চ একটি সেশন লগ করা যাবে। ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের প্রধান মেলিসা ট্যাম জানান, বর্তমান যুগে মানুষ সবসময় বিভিন্ন কন্টেন্ট ও খবরের মধ্যে ডুবে থাকে। তাই ছোট পদক্ষেপের মাধ্যমে বই পড়ার টেকসই অভ্যাস গড়ে তোলাই তাদের লক্ষ্য। বাস, শোয়ার আগে বা দুপুরের খাবারের সময় মাত্র ১৫ মিনিট পড়ার ওপর জোর দেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি ও ডুমস্ক্রোলিং তরুণদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এটি ঠেকাতে তরুণদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের দৈনিক সময়সীমা বেঁধে দেওয়ার কথাও ভাবছে সিঙ্গাপুর সরকার। নাগরিকদের ভালো অভ্যাসের দিকে আকৃষ্ট করতে আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়টি দেশটিতে নতুন নয়। এর আগে হাঁটার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণের বিনিময়ে পুরস্কৃত করার মতো উদ্যোগও নিয়েছিল তারা।


উল্লেখ্য, সরকারের এমন উদ্বেগের মাঝেও ২০২৫ সালের ‘পিসা’ (PISA) র‍্যাঙ্কিংয়ে রিডিং বা পড়ার দক্ষতায় চীন ও তাইওয়ানকে পেছনে ফেলে বিশ্বসেরা হয়েছে সিঙ্গাপুরের ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা।


সূত্র: দ্য গার্ডিয়ান


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন