সুইডেন থেকে এক ইরানি কূটনীতিককে বহিষ্কারের জবাবে এবার এক সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানায়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, তেহরানে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ম্যাথিয়াস অটারস্টেডটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সিদ্ধান্তটি জানানো হয়। একই সঙ্গে সুইডেনের বিরুদ্ধে ইরানের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপের যে অভিযোগ তোলা হয়েছে, তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্টকহোমের সিদ্ধান্ত অযৌক্তিক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তাদের দাবি, এর মাধ্যমে সুইডেনে ইরানি দূতাবাসের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে। তেহরান আরও অভিযোগ করেছে, সুইডেন দীর্ঘদিন ধরে ইরানবিরোধী ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে আশ্রয় দিয়ে বৈরী নীতি অনুসরণ করছে।
এর আগে বুধবার সুইডিশ সরকার দেশটিতে নিযুক্ত এক ইরানি দূতাবাস কর্মকর্তাকে বহিষ্কার করে। স্টকহোম জানায়, ওই কর্মকর্তার কর্মকাণ্ড কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড বলেন, দেশের নাগরিক ও জাতীয় স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারমন্ত্রী গুনার স্ট্রমারও ইরানের বিরুদ্ধে সুইডেনে দীর্ঘদিন ধরে নিরাপত্তা-হুমকিমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ করেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসএফএল