আমেরিকা

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রশিক্ষণ চলাকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রশিক্ষণ চলাকালে সামরিক বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই এর একমাত্র পাইলট প্যারাস্যুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মিশিগানের গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, পাইলটকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

প্রাথমিক ধারণা অনুযায়ী, পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে বিমানের ইঞ্জিন বিকল হয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এভিয়েশন রেডিও ট্র্যাকিং ওয়েবসাইট 'লাইভএটিসি ডটনেট'-এর অডিও রেকর্ডিংয়ে শোনা যায়, আরেকজন সামরিক পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানাচ্ছেন যে বিমানটি হয়তো পাখির আঘাতের (বার্ড স্ট্রাইক) শিকার হয়েছে। পরবর্তীতে ট্রাফিক কন্ট্রোলারও অন্যান্য পাইলটদের সতর্ক করে জানান, সম্ভবত বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় পাইলট ইজেক্ট করে বেরিয়ে এসেছেন।


দুর্ঘটনার পরপরই আবাসিক এলাকার পাশের একটি মাঠে বিমানটি আছড়ে পড়ে এবং ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে চারপাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। শেলি ডর্নবস নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পর তারা একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে পুলিশ তাদের জানায়, সেগুলো ছিল বিমানে থাকা গোলাবারুদের বিস্ফোরণ। এদিকে, বিমান বিধ্বস্ত হওয়ার ফলে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থলের এক মাইল ব্যাসার্ধের মধ্যে থাকা সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে স্টেট পুলিশ।


বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুদ্ধবিমানটি মিশিগানের আলপেনা ন্যাশনাল গার্ড বেস-এর অধীনে একটি নিয়মিত প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল। সাধারণত বেসামরিক বিমান দুর্ঘটনার তদন্ত ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড করলেও, সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা সেনাবাহিনী নিজেরাই তদন্ত করে থাকে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগার ঘটনা বেশ সাধারণ। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, প্রতি বছর হাজার হাজার এমন ঘটনা ঘটে। শুধুমাত্র ২০২৫ সালেই ট্রাভার্স সিটিতে ৪১টি বার্ড স্ট্রাইকের খবর রেকর্ড করা হয়েছিল।


সূত্র: সিএনএন


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন