আন্তর্জাতিক

নাইজেরিয়ায় কম দামি বিষাক্ত মদ পানে ৫০ জনের মৃত্যু, শতাধিক হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে কম দামের স্থানীয় বিষাক্ত মদ পানে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও প্রায় ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মিথানলযুক্ত বলে সন্দেহ করা একটি অ্যালকোহলযুক্ত পানীয় পান করার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

ওন্দো রাজ্যের স্বাস্থ্য কমিশনার বানজি আজাকা জানান, রাজ্যের ওডিগবো এবং ইরেলে স্থানীয় সরকার এলাকাগুলোতে এই ঘটনাগুলো ঘটেছে। সব মিলিয়ে ১৮২ জন এই বিষাক্ত পানীয়ের প্রভাবে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই পানীয়ের ক্ষতিকর দিক সম্পর্কে তিনি বলেন, ‘এটি খুব দ্রুত কাজ করে। একবার পান করলে পরিমাণের ওপর নির্ভর করে কিডনি বিকল হতে পারে, দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হতে পারে।’

 

স্থানীয়রা সন্দেহ করছেন, 'মাঙ্কি টেইল' নামক উচ্চ অ্যালকোহলযুক্ত একটি জনপ্রিয় ভেষজ পানীয়ের সঙ্গে মিথানল মেশানোর ফলেই এই মৃত্যুগুলো ঘটেছে। ওডিগবো এলাকার এক ব্যবসায়ী গ্রেপ্তারের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে জানান, এই পানীয়টির দুটি সংস্করণ রয়েছে একটি আসল ও নিরাপদ, অন্যটি অনিরাপদ।

 

বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারানো ৩২ বছর বয়সী সোলা আদেবায়ো হাসপাতাল থেকে স্থানীয় টিভিসি নিউজকে বলেন, ‘আমি দুটো ইনজেকশন নিয়ে শুক্রবার বাইরে গিয়েছিলাম। শনিবার আমি খেয়াল করলাম যে আমি চোখে দেখতে পাচ্ছি না।’

 

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, প্রায় দুই সপ্তাহ আগে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র আবায়োমি জিমোহ এক বিবৃতিতে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বিষাক্ত পদার্থ উৎপাদনে সরাসরি জড়িত এবং সে বর্তমানে পুলিশকে তদন্তে সহায়তা করছে।

 

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার গ্রামীণ এলাকাগুলোতে সাশ্রয়ী বা কম দামের হওয়ায় স্থানীয়ভাবে তৈরি মদ পানের ব্যাপক প্রচলন রয়েছে, যেখানে কর্তৃপক্ষের নজরদারিও বেশ দুর্বল। তবে শিশু ও তরুণদের সুরক্ষায় নাইজেরিয়ার খাদ্য ও ঔষধ প্রশাসন নিয়ন্ত্রণ সংস্থা বর্তমানে স্যাশে ও ছোট প্লাস্টিকের বোতলে থাকা অ্যালকোহল বিক্রির ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর করতে শুরু করেছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন