আন্তর্জাতিক

বন্দী নির্যাতন ও অভিবাসন জালিয়াতির দায়ে যুক্তরাষ্ট্রে সিরিয়ার সাবেক কারাপ্রধানের ৬০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বন্দীদের ওপর অমানবিক নির্যাতন ও অভিবাসন জালিয়াতির দায়ে সিরিয়ার একটি কুখ্যাত কারাগারের সাবেক প্রধানকে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন বিচার বিভাগ (ডিওজে) এ তথ্য নিশ্চিত করেছে।

দণ্ডপ্রাপ্ত ৭৪ বছর বয়সী সামির উসমান আলশেখ ২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। অভিযোগ রয়েছে, ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি সিরিয়ার দামেস্ক সেন্ট্রাল প্রিজন বা 'আদরা কারাগার' পরিচালনা করতেন। ওই কারাগারের 'শাস্তি সেলে' বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হতো।


গত মার্চ মাসে একটি জুরি বোর্ড আলশেখকে নির্যাতনের ষড়যন্ত্র, তিন দফায় নির্যাতন, ভিসা জালিয়াতি এবং নাগরিকত্ব পাওয়ার চেষ্টায় জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত করে। বিচার চলাকালে তিন সাবেক বন্দী আদালতে আলশেখের হাতে নিজেদের এবং অন্যান্য বন্দীদের ওপর চালানো পাশবিক নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেন। এছাড়া ২০২০ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় নিজের অতীত ইতিহাস গোপন করে তিনি অভিবাসন জালিয়াতি করেছিলেন বলেও প্রমাণিত হয়।


মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল এ. টাইসেন ডুভা এক বিবৃতিতে বলেন, এই রায় মূলত ভুক্তভোগীদের সাহসিকতারই প্রমাণ। এর মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, মানবাধিকার লঙ্ঘনকারীরা যুক্তরাষ্ট্রে কোনো নিরাপদ আশ্রয় পাবে না। তিনি আরও বলেন, অপরাধীদের খুঁজে বের করে তাদের জঘন্য কাজের জন্য শাস্তির আওতায় আনা হবে।


উল্লেখ্য, ২০২৪ সালের শেষের দিকে ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তাদের মিত্রদের জোটে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতন হয়। দীর্ঘদিনের এই স্বৈরশাসনের অবসানের পরপরই নিখোঁজ স্বজনদের সন্ধানে সিরিয়ার বিভিন্ন কারাগারে ভিড় জমিয়েছিলেন হাজারো সাধারণ মানুষ।


সূত্র: দ্য গার্ডিয়ান


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন