ভারত

অন্তঃসত্ত্বা বোনের খুনিকে প্রকাশ্যে কুপিয়ে প্রতিশোধ, ভাইয়ের স্বীকারোক্তির ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চার মাসের অন্তঃসত্ত্বা গন্ধম বৈষ্ণবীকে হত্যার মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদে। নিহত ব্যক্তির নাম চিত্তারি হরিবাবু (২৬)।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বৈষ্ণবীর ভাই সন্তোষকে বলতে শোনা গেছে, ‘যে আমার ৪ মাসের অন্তঃসত্ত্বা বোনকে হত্যা করেছে, আমি তাকেই হত্যা করেছি।’

 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল প্রায় ৫টার দিকে নিজামাবাদের রাস্তার পাশের একটি খাবারের দোকানের কাছে ছিলেন হরিবাবু। এ সময় একটি গাড়িতে করে তিন থেকে চারজন সেখানে আসে। তাদের মধ্যে একজন গাড়ি থেকে নেমে হরিবাবুকে ধাওয়া করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর ঘাড় ও মাথায় আঘাত করে।

 

গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান হরিবাবু। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নিজামাবাদ সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

 

হরিবাবু ইউটিউবার গন্ধম বৈষ্ণবী হত্যা মামলার অভিযুক্ত ছিলেন। চলতি বছরের ১৭ মার্চ তেলেঙ্গানার জগতিয়াল জেলায় নিজ বাড়িতে বৈষ্ণবীর মরদেহ পাওয়া যায়। মৃত্যুর সময় তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

 

বৈষ্ণবীর পরিবারের অভিযোগ ছিল, অতিরিক্ত যৌতুকের দাবিতে তাঁকে নির্যাতন করা হতো। ওই অভিযোগের পর হরিবাবুর বিরুদ্ধে হত্যা মামলা করে পুলিশ এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে চলতি বছরের জুলাই মাসে জামিনে মুক্তি পান তিনি।

 

হরিবাবুকে হত্যার ঘটনায় বৈষ্ণবীর ভাই সন্তোষের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ঘটনার পর ছড়িয়ে পড়া একটি সেলফি ভিডিওতে সন্তোষকে হত্যার দায় স্বীকার করতে দেখা গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

 

ভিডিওতে সন্তোষ বলেন, ‘যে আমার ৪ মাসের অন্তঃসত্ত্বা বোনকে হত্যা করেছে, আমি তাকেই হত্যা করেছি।’ একই সঙ্গে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন বলেও জানান।

 

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা এখনো পুলিশিভাবে যাচাই করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হরিবাবু হত্যায় জড়িত সবাইকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন