হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জেরে শেখ মো. জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেখ মো. জায়েদুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের দাবি, মন্দরি গ্রামে মজিদ খান ও শেখ শামসু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সকালে হাওরে কৃষিকাজ শেষে বাড়ি ফিরছিলেন জায়েদুল মিয়া। পথে মজিদ খানের বাড়ির কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জায়েদুল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, মন্দরি গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
ডিবিসি/এসডব্লিউএন