দার্জিলিংয়ে হানিমুনে গিয়ে বার্বিকিউয়ের আগুনে ঝলসে গিয়েছেন নববধূ। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকার বাসিন্দা সমীর দাস। কিছু দিন আগেই নিকিতার সঙ্গে তার বিয়ে হয়। নবদম্পতি হানিমুনে সিটং গিয়েছিলেন। হোমস্টেতে বার্বিকিউয়ের আয়োজন করা হয়েছিল। সেখানকার সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার মুহূর্ত ধরা পড়ে।
এতে দেখা যায়, হোমস্টে-র বারান্দায় দম্পতি বসে আছেন। তাদের সামনে বার্বিকিউয়ের আয়োজন করা হয়েছে। উল্টো দিকে বসে আছেন আর একজন। তার পরিচয় জানা যায়নি। তাকেই বার্বিকিউয়ের আগুনে কিছু ঢালতে দেখা যায়। তৎক্ষণাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন লেগে যায় নববধূর গায়ে।
দার্জিলিং পুলিশ ইতিমধ্যেই ঘটনায় এফআইআর করে তদন্ত শুরু করেছে। ঘটনার পর তরুণীকে প্রথমে স্থানীয় প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছিল। সেখান থেকে শিলিগু়ড়ির হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, অধিকাংশ পোড়া ক্ষত শরীরের উপরের অংশে থাকায় তরুণী বেঁচে গেলেও যেতে পারেন। তবে তার শারীরিক পরিস্থিতি এখনও সঙ্কটজনক। পরিস্থিতির অবনতি হচ্ছে।
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামী বলেন, বার্বিকিউতে মাখন ঢালতে গিয়ে এই ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পাহাড়ে ঘুরতে গিয়ে সকলকে বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছেন তিনি।
ডিবিসি/এসডব্লিউএন