পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের জন্য মুসল্লিরা মসজিদে জড়ো হওয়ার সময় কোহাট শহরের একটি পুলিশ সদর দপ্তরের ভেতরে থাকা মসজিদে এ হামলা চালানো হয়। এলাকাটি আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মসজিদের প্রবেশপথে আঘাত করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর হতাহত ব্যক্তিদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসক তাহির শাহের বরাত দিয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, অন্তত ১৫ জনের মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে কোহাটের হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পরপরই হামলার দায় কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি। হামলার লক্ষ্যবস্তু ছিল পুলিশ সদর দপ্তরের ভেতরের মসজিদ, যেখানে জুমার নামাজ উপলক্ষে বহু মানুষ উপস্থিত ছিলেন।
হামলার পর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ব্যক্তিদের অবস্থার কারণে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল