গণতান্ত্রিক সমাজে অন্যের মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে ব্যারিস্টার আবদুর রাজ্জাক রচিত ‘জামায়াতে-ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। গণতান্ত্রিক সমাজে ভিন্নমত ও সমালোচনা গ্রহণের মানসিকতা থাকা প্রয়োজন।
বইটিকে আবদুর রাজ্জাকের জীবনদর্শন, চিন্তা ও সমাজকে দেখার অভিজ্ঞতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি। রাষ্ট্র ও সমাজচিন্তার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ওপর থেকে ইসলামিক শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার পরিবর্তে সমাজে ইসলামিক মূল্যবোধ বিকশিত করে রাষ্ট্র গড়ে তোলার চিন্তা বইটিতে উঠে এসেছে।
তিনি বলেন, সামনে এগোতে হলে সমাজকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থান নতুন প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে এনেছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আবদুর রাজ্জাকের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, তার অবস্থান আরও আগে স্পষ্টভাবে সামনে এলে অনেক প্রশ্নের অবসান হতে পারত।
আইনমন্ত্রী বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বইটি পড়া উচিত।
ইউনিভার্সিটি প্রেস লিমিটেড প্রকাশিত বইটির অনুষ্ঠানে আলী রিয়াজ, জন ড্যানিলোভিচ, দিলারা চৌধুরী ও কামাল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এসএফএল