দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের প্রান্তিক মানুষের কাছে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতাল নির্মাণ পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ সময় তার সঙ্গে ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘স্বাস্থ্য তরী’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের অন্তত চার থেকে পাঁচটি জেলার ৩০ থেকে ৪০টি দুর্গম উপজেলায় জটিল অথচ সাধারণভাবে দেখা যায়-এমন বিভিন্ন রোগের আধুনিক চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা সম্ভব হবে।
তিনি জানান, নারীদের স্বাস্থ্যসেবা, মিডওয়াইফদের মাধ্যমে নিরাপদ প্রসব ও প্রসব-পরবর্তী সেবা, শিশুস্বাস্থ্য, সাধারণ অর্থোপেডিক বা হাড়ের অস্ত্রোপচার এবং চোখের ছানি অপারেশনের মতো সেবা ভাসমান হাসপাতালের মাধ্যমে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দল এসব সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, বরিশাল, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী ও বরগুনার দুর্গম চরাঞ্চলের মানুষের কাছে বিকল্প উপায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।
পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবসহ বিআইডব্লিউটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এসএফএল