পঞ্চগড়ে প্রথমবারের মতো শুরু হয়েছে তরুণ শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন ‘পিএমইউএন ২০২৬’ (PMUN 2026)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার জমির উদ্দীন সরকার স্কুল অ্যান্ড কলেজ মাঠে পঞ্চগড় পায়োনিয়ার্সের উদ্যোগে এই আয়োজনের উদ্বোধন করা হয়। শনিবার পর্যন্ত চলা এই সম্মেলনে ১৪২টি দেশের প্রতিনিধি হিসেবে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
আয়োজকরা জানান, দেড় সহস্রাধিক আবেদনের মধ্য থেকে বাছাই করে এই শিক্ষার্থীদের সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখানে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের আদলে বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা শরণার্থী সংকট, মানবাধিকার, মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন ইস্যুর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিশ্ব রাজনীতি, কূটনীতি ও সমঝোতার অনুশীলন করছেন। এর মাধ্যমে তরুণরা নেতৃত্বদান, যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণের বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির বলেন, প্রান্তিক জেলার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন করা হয়েছে। বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তাই এমন সময়ে ছায়া জাতিসংঘের এই আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী একটি পদক্ষেপ।
ডিবিসি/আরএসএল