ঝিনাইদহের মহেশপুরে নলকূপের পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় আব্দুল জব্বার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার ওই গ্রামের মৃত আনছার মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আব্দুল জব্বারের নলকূপের পানি চলাচলের পথে যাওয়া নিয়ে প্রতিবেশী জেহের আলীর ছেলে পলাশ ও বিদ্যুতের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পলাশ তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন এবং লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/আরএসএল