সারা বাংলা

টেকনাফ সীমান্তে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন টেকনাফের হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়।

 

এ সময় শ্মশান ঘাট এলাকা দিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে চারজন ব্যক্তিকে বস্তা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন টহল দলের সদস্যরা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সঙ্গে থাকা বস্তাগুলো শ্মশান ঘাটের কাছে ফেলে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

 

পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে। বস্তার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে আনুমানিক ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নজরদারি ও কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

 

এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন