কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম শুক্রবার বিকেল থেকে নিখোঁজ রয়েছে। বিকেল ৩টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার মা।
অপ্রতিম কুমিল্লার একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে পাঞ্জাবি ছিল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ড. নাহিদা নাহিদ জানান, বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে অপ্রতিম তার মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি।
ফোনটি এখনও অপ্রতিমের সঙ্গে আছে কি না, সে বিষয়েও নিশ্চিত নন তার মা। ফোন নম্বর ট্র্যাক করেও তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
অপ্রতিম নিখোঁজ হওয়ার বিষয়টি থানায় জানানো হয়েছে। তার সন্ধানে পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ড. নাহিদা নাহিদের সহকর্মীরা কাজ করছেন। রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানোর পাশাপাশি অপ্রতিমের বন্ধুদের বাড়িতেও খোঁজ নেওয়া হচ্ছে।
শনিবার সকালে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে ড. নাহিদা নাহিদ জানান, অপ্রতিমকে খুঁজে পেতে অভিযান এখনও চলছে। এ সময় তিনি অপ্রয়োজনীয় প্রশ্ন না করে ছেলের জন্য দোয়া করতে এবং কারও কাছে কোনো তথ্য থাকলে দ্রুত জানানোর অনুরোধ করেন।
অপ্রতিমের সন্ধান পেলে ০১৯৭৪৮৮৮৬৬৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার মা।
ডিবিসি/এমএনকে