সারা বাংলা

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসা সুপার নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফ ফারুকী লিটন (৫৬) নামে এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। তিনি মুকসুদপুর উপজেলার সালিনা বক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আশরাফ ফারুকী মোটরসাইকেলযোগে কাশিয়ানী থেকে পোনা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পোনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী ‘দোলা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি মারাত্মক আহত হন।

 

স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন