ফেনীর ফুলগাজী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ সোনাপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার মনতলা কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও আতশবাজি। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য মোট ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকা।
১০ বিজিবি জানিয়েছে, আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ মালামাল আটক করা হয়েছে। জব্দকৃত মালামাল প্রচলিত বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।