নাটোরের গুরুদাসপুরে রেওয়াজ বদল জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমারখালি গ্রামের বাসিন্দা সাইফুল ও ময়লালের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে উভয় পক্ষের মধ্যে মামলাও চলমান রয়েছে। শনিবার সকালে সড়ক সংলগ্ন একটি বিরোধপূর্ণ জমিতে ময়লাল বেড়া দিতে গেলে সাইফুল বাধা প্রদান করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, সংঘর্ষের খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এমএনকে