ভারতের বিহারের পূর্ণিয়ায় দলিত এক তরুণকে ভালোবেসে বিয়ে করায় ১৮ বছর বয়সী মেয়ের প্রতীকী শেষকৃত্য করেছে তার পরিবার। প্রেমিকের সঙ্গে পালিয়ে আদালতে বিয়ে করার পর পরিবারের সদস্যরা এ আয়োজন করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ঘটনাটি পূর্ণিয়ার টাউন থানা এলাকার ছাপায় গ্রামের। রিয়া নামে ওই তরুণী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর ২৪ বছর বয়সী মীনাল কুমারের সঙ্গে পালিয়ে যান তিনি। পরে আদালতে দুজনের বিয়ে হয়। মেয়েকে খুঁজে না পেয়ে রিয়ার বাবা মনোজ কুমার গোস্বামী থানায় নিখোঁজের অভিযোগ করেন। তার আশঙ্কা ছিল, মেয়েকে অপহরণ করা হয়েছে।
গ্রামবাসীরা জানান, রিয়া ও মীনালের মধ্যে প্রায় তিন বছর ধরে সম্পর্ক ছিল। সম্প্রতি পুলিশ দিল্লি থেকে রিয়াকে উদ্ধার করে আদালতে হাজির করে। সেখানে রিয়া জানান, তিনি নিজের ইচ্ছায় মীনালকে বিয়ে করেছেন।
মেয়ের বক্তব্য জানার পর ক্ষুব্ধ হন মনোজ। এরপর পরিবারের সদস্যরা রিয়ার ছবি দিয়ে একটি প্রতিকৃতি তৈরি করে গ্রামে শোকযাত্রা বের করেন। খাটিয়ায় প্রতিকৃতি বহনের সময় শেষকৃত্যের প্রচলিত ধ্বনি দেওয়া হয়। পরে রিয়ার বাবা প্রতীকীভাবে প্রতিকৃতিটি দাহ করেন।
পরিবার জানিয়েছে, মৃত্যুর পর পালিত শ্রাদ্ধ ও পিণ্ডদানের মতো আনুষ্ঠানিকতাও করা হবে। মনোজের দাবি, রিয়ার বিয়ে আগে ভাগলপুরের এক সরকারি শিক্ষকের সঙ্গে ঠিক করা হয়েছিল এবং আগামী নভেম্বরে বিয়ের কথা ছিল। পরিবারের পক্ষ থেকে এখন রিয়াকে তাদের কাছে ‘মৃত’ বলে ঘোষণা করা হয়েছে।
ডিবিসি/এসএফএল