আন্তর্জাতিক, অন্যান্য

অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় সাঁতারুর মৃত্যু, হাঙরটি হত্যার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের জনপ্রিয় সোরেন্টো বিচে এক সাঁতারুকে প্রাণঘাতী হামলার পর একটি গ্রেট হোয়াইট শার্ককে ধরে হত্যার বিরল নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সকালে হামলার শিকার ৬৩ বছর বয়সী গ্রেগ ও’নিলের মরদেহ এখনো উদ্ধার করা যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হাঙরটির সন্ধান চলায় পার্থসহ পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলের বিভিন্ন সৈকত অন্তত রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ নৌযান ও হেলিকপ্টার দিয়ে উপকূলীয় এলাকায় তল্লাশি চালায়।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই ব্যক্তি সাঁতার কাটছিলেন। তাদের একজন তীরে ফিরলেও অন্যজন হাঙরের হামলার শিকার হন। একই সময় প্রায় আড়াই মিটার লম্বা একটি হাঙর দেখার কথাও জানান স্থানীয়রা।


পশ্চিম অস্ট্রেলিয়ার মৎস্যমন্ত্রী জ্যাকি জারভিস জানিয়েছেন, শনিবার সকালে জলপুলিশ হাঙরটিকে দেখতে পায় এবং হামলায় জড়িত হাঙর হিসেবে শনাক্ত করে। এরপর ব্যতিক্রমী পরিস্থিতি ও জননিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সেটিকে ধরা গেলে হত্যা করার অনুমতি দেওয়া হয়। প্রায় ১০ বছরের মধ্যে রাজ্যটিতে এমন নির্দেশ এটিই প্রথম বলে জানান তিনি।


গ্রেট হোয়াইট শার্ক অস্ট্রেলিয়ায় সংরক্ষিত প্রজাতি হওয়ায় এ ধরনের সিদ্ধান্ত বিরল ও বিতর্কিত। চলতি সপ্তাহে পশ্চিম অস্ট্রেলিয়ায় এটি দ্বিতীয় হাঙর হামলা। সোমবার জেরাল্ডটনের উপকূলে হাঙরের কামড়ে এক সার্ফার গুরুতর আহত হন। চলতি বছর অস্ট্রেলিয়ায় হাঙর হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন