বিবিধ

ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফ ফার্মাকে ব্র্যাক ব্যাংকের অর্থায়ন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়াতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই আর্থিক সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজেদের ইনসুলিন উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি করবে।

দীর্ঘদিন ধরে এসকেএফ ডেনমার্কভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ ইনসুলিন প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ইনসুলিন উৎপাদন করে আসছে। এই চুক্তির আওতায় ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মানসম্মত ইনসুলিনপ্রাপ্তি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ভায়াল ও পেনফিল- উভয় ফরম্যাটেই ইনসুলিন তৈরি করছে। 

 

বর্তমানে ব্যবসা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে এসকেএফ তাদের তৃতীয় ইনসুলিন ভায়াল উৎপাদন লাইন স্থাপন করতে যাচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে, যা দেশ ও বিদেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক হবে।

 

এসকেএফ-কে দেওয়া ব্র্যাক ব্যাংকের এই অর্থায়ন মূলত বাংলাদেশের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদন খাতে কৌশলগত বিনিয়োগে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বাড়ার পাশাপাশি স্থানীয় উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানিনির্ভরতা কমবে। পাশাপাশি ওষুধ উৎপাদন ও রপ্তানির কেন্দ্র হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

 

এই অর্থায়নের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বাংলাদেশে ইনসুলিনের উৎপাদন বাড়ানো মানে মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা তৈরি করা। এসকেএফ-এর উৎপাদন বৃদ্ধিতে অর্থায়ন করার মাধ্যমে আমরা যেমন দেশের স্বাস্থ্য খাতকে আরও সমৃদ্ধ ও স্বাবলম্বী করে তুলছি, ঠিক তেমনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন শিল্পকে এগিয়ে নিতে সাহায্য করছি।’

 

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংকের হোলসেল ব্যাংকিং পোর্টফোলিও তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, নির্মাণ, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন উৎপাদনশিল্পে বিস্তৃত। দেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সরবরাহব্যবস্থা শক্তিশালীকরণ এবং শিল্পখাতের প্রবৃদ্ধিতে সহায়ক প্রকল্পগুলোতে ব্যাংকটি ধারাবাহিকভাবে অর্থায়ন সুবিধা দিয়ে আসছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন