ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

কোস্টগার্ডকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

কোস্টগার্ডকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ, জাতীয়

কোস্টগার্ডকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

বাসস

ডিবিসি নিউজ

রবিবার ২০শে সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৭:৩৯ অপরাহ্ন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি জানিয়েছেন।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং পানি দূষণ রোধেও কোস্টগার্ডের দায়িত্ব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ মৎস্য আহরণ বন্ধে বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রাখতে হবে।


তিনি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কোস্টগার্ডকে একটি আধুনিক, দক্ষ ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি সদস্যদের উন্নত ও সময়োপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।


এ সময় কোস্টগার্ড মহাপরিচালক বাহিনীর সামগ্রিক কার্যক্রম এবং সক্ষমতা বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহ এবং কোস্টগার্ডের এভিয়েশন উইং স্থাপনের অগ্রগতিও তুলে ধরেন।


দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে তিনি কোস্টগার্ডের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন