সারা বাংলা

গাইবান্ধায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৯

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হঠাৎ লোকালয়ে ঢুকে পড়া একটি শিয়ালের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। পথচারী থেকে শুরু করে বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর একের পর এক এই হামলার ঘটনায় মুহূর্তেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- জিগাবাড়ী গ্রামের মো. মুকুল মিয়ার স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৩৮), তাঁর ছেলে মো. রাকিবুল হাসান (১৩), মো. ইয়াকুব আলীর ছেলে মো. এনামুল হক (২৬), মো. আব্দুল আহাদ আলীর মেয়ে মোছা. আয়শা আক্তার (৩) ও মো. আব্দুর রহিমের ছেলে মো. হাসান মিয়া (৭)। এছাড়াও একই ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মো. জমশের আলীর স্ত্রী মোছা. নিলি বেগম (৪০), মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সাদেক হোসেন (৭০), মো. আব্দুল হান্নান মিয়ার স্ত্রী মোছা. আফরুজা বেগম (৩৭) এবং মো. শফিউল ইসলামের ছেলে মো. শাওন মিয়া (৬) শিয়ালের হামলার শিকার হন।

 

স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে কিছু বুঝে ওঠার আগেই মানুষের ওপর হামলা শুরু করে। এতে আতঙ্কে লোকজনের মধ্যে ছুটোছুটি শুরু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে হামলার পর শিয়ালটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে থাকায় আতঙ্ক আরও বেড়ে যায়। একপর্যায়ে স্থানীয়রা শিয়ালটিকে ধরে মেরে ফেলেন।

 

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান জানান, শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা ৯ জনকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং তাঁদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন