ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে একই পরিবারের ৩ জন নিহত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে একই পরিবারের ৩ জন নিহত

আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে একই পরিবারের ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২১শে সেপ্টেম্বর ২০২৬ ১১:০০:২৬ পূর্বাহ্ন

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার আফগান কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রায় তিন মাস পর ফের এমন হামলার ঘটনা প্রতিবেশী দেশ দুটির মধ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি করেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ার পর থেকেই সাবেক এই মিত্র দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। পাকিস্তানের অভ্যন্তরীণ উগ্রবাদ ও জঙ্গিবাদকে কেন্দ্র করেই মূলত এই বিরোধ। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে আন্তঃসীমান্ত হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে কাবুল।

 

তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা বলে দাবি করে আসছে।

 

সম্প্রতি উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ স্থাপনায় ভয়াবহ হামলায় অন্তত ১৬ জন নিহত হওয়ার কয়েক দিনের মাথায় সোমবার এই বিমান হামলা চালানো হলো।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, কুনার প্রদেশের অন্তত একটি বাড়িতে আঘাত হানে এই বিমান হামলা। এতে একই পরিবারের তিন সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

 

তিনি আরও বলেন, ‘পাকতিকা প্রদেশের বারমাল জেলার দুটি স্থানে বোমাবর্ষণ করা হয়েছে। এতে একটি দোকান ও একটি জনশূন্য বাড়ি ধ্বংস হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

 

তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন