সারা বাংলা
গোপালগঞ্জের কাশিয়ানী রেলওয়ে স্টেশন এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানী রেলওয়ে স্টেশন এলাকা থেকে মনির হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে স্টেশনের সাবেক আর্মি ক্যাম্প সংলগ্ন বিশ্রামাগার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মনির হোসেন কাশিয়ানী মধ্যপাড়া গ্রামের রুকু মোল্লার ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত রোববার দিবাগত রাত ১০টার দিকে মনির বাড়ি থেকে বের হয়ে যান। আজ ভোরে রেলস্টেশনে দায়িত্বরত কর্মচারীরা বিশ্রামাগারের ছাউনির সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।