সারা বাংলা
অপ্রতিম হত্যার বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তার দাবিতে কুবি শিক্ষক সমিতির মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শোক র্যালি ও মানববন্ধন করেছে কুবি শিক্ষক সমিতি। একই ঘটনার প্রতিবাদে পরে চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শিক্ষক সমিতির উদ্যোগে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় গোলচত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ইতোমধ্যে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন দ্রুত তদন্ত শেষ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং পুরো ক্যাম্পাসকে দ্রুত সিসিটিভি নজরদারির আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সৈয়দুর রহমান এবং শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাছরিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
এদিকে শিক্ষক সমিতির কর্মসূচির পর অপ্রতিম হত্যার বিচার দাবিতে পৃথক মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে তারা চার দফা দাবি তুলে ধরেন:
১. হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে আইনের আওতায় এনে আগামী ৬০ দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে ফাঁসি কার্যকর করা।
২. দায়িত্ব পালনে ব্যর্থতার দায় স্বীকার করে কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহার।
৩. বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা।
৪. নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে একটি বিশেষ ‘কুইক রেসপন্স ইউনিট’ গঠন করা।