সারা বাংলা
গাজীপুরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনের সড়ক অবরোধ করেন কয়েকশ শ্রমিক। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময় পার হলেও দুই মাসের বকেয়া বেতন না পাওয়ায় তারা পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। বকেয়া পরিশোধ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।