আন্তর্জাতিক, পাকিস্তান
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে একই পরিবারের ৩ জন নিহত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে একই পরিবারের অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) এ হামলার পর পাকিস্তানকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। প্রায় তিন মাসের তুলনামূলক শান্তির পর দুই দেশের মধ্যে উত্তেজনা আবার বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
আফগান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, এই ‘আগ্রাসনের’ উপযুক্ত জবাব দেওয়া হবে। আফগান কর্মকর্তাদের দাবি, হামলায় বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, কুনার প্রদেশে একটি বাড়িতে হামলায় একই পরিবারের তিনজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। এ ছাড়া পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি স্থানে বোমাবর্ষণে একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হয়েছে। সেখানে কোনো হতাহতের খবর নেই।
এর আগে শুক্রবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় একটি পুলিশ স্থাপনায় জঙ্গিদের আত্মঘাতী হামলায় অন্তত ২৪ জন নিহত হন, যাদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য। রবিবার হাঙ্গু জেলায় পৃথক সংঘর্ষে ছয় পাকিস্তানি সেনা ও আট জঙ্গি নিহত হয়।
ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ডে আশ্রয় নিয়ে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলছে, পাকিস্তানের জঙ্গিবাদ দেশটির অভ্যন্তরীণ সমস্যা।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এসএফএল