ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

শ্রীলঙ্কায় বৃহত্তম গণকবরের সন্ধান, মিলেছে ৫৭২ কঙ্কাল

শ্রীলঙ্কায় বৃহত্তম গণকবরের সন্ধান, মিলেছে ৫৭২ কঙ্কাল

আন্তর্জাতিক, এশিয়া

শ্রীলঙ্কায় বৃহত্তম গণকবরের সন্ধান, মিলেছে ৫৭২ কঙ্কাল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের জাফনার চেম্মানি এলাকায় একটি গণকবর থেকে এখন পর্যন্ত ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নবজাতকও রয়েছে। দেহাবশেষের সঙ্গে পাওয়া গেছে চুড়ি, স্কুলব্যাগ ও দুধের বোতলের মতো ব্যক্তিগত সামগ্রী।

গত ফেব্রুয়ারিতে শ্মশান সম্প্রসারণের জন্য খননকাজের সময় দুর্ঘটনাবশত মানবদেহের অবশেষ পাওয়া গেলে তদন্ত শুরু হয়। আগস্টে প্রত্নতাত্ত্বিক খননের তৃতীয় ধাপ শেষ হয়। এটি শ্রীলঙ্কায় এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় গণকবর বলে ধারণা করা হচ্ছে।


চেম্মানি এলাকা দীর্ঘদিন ধরেই সন্দেহের কেন্দ্রবিন্দুতে ছিল। ১৯৯৮ সালে ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডিত এক সেনাসদস্য আদালতে দাবি করেছিলেন, নব্বইয়ের দশকের মাঝামাঝি সেখানে ৩০০ থেকে ৪০০ জনকে হত্যা করে কবর দেওয়া হয়েছিল।


মানবাধিকার কর্মী ও স্থানীয় তামিলদের আশঙ্কা, গৃহযুদ্ধের সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের এখানে সমাহিত করা হয়ে থাকতে পারে। তবে শ্রীলঙ্কার সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।


উদ্ধার করা দেহাবশেষ বর্তমানে জাফনা বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিভাগে আদালতের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বয়স, মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্তে ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার পরিকল্পনা রয়েছে।


দশকের পর দশক ধরে নিখোঁজ স্বজনদের সন্ধানে থাকা পরিবারগুলো দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। জাতিসংঘও ভুক্তভোগীদের শনাক্তকরণ ও মৃত্যুর কারণ নির্ধারণে আন্তর্জাতিক সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন