ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

ধসের আশঙ্কায় গাজার ২৫৫ ভবন ভেঙে ফেলার নির্দেশ

ধসের আশঙ্কায় গাজার ২৫৫ ভবন ভেঙে ফেলার নির্দেশ

আন্তর্জাতিক, আরব

ধসের আশঙ্কায় গাজার ২৫৫ ভবন ভেঙে ফেলার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে

গাজায় যুদ্ধবিধ্বস্ত ও ধসে পড়ার ঝুঁকিতে থাকা ২৫৫টি ভবন খালি করে সেগুলো ভেঙে ফেলার জন্য জরুরি পরিকল্পনা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে গণপূর্ত ও আবাসন মন্ত্রণালয়ের নেতৃত্বে বিভিন্ন সরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হবে।

সম্প্রতি যুদ্ধের ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন আংশিক বা পুরোপুরি ধসে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার গাজা সিটির আল-সাআদা ভবন ধসে ২১ ফিলিস্তিনি নিহত হন।


কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর চারপাশে সতর্কতামূলক চিহ্ন স্থাপন, সেখানে অবস্থানরত পরিবারগুলোকে সরিয়ে নেওয়া এবং তাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষায়িত সরকারি কমিটিগুলো ক্ষতিগ্রস্ত ভবনের অবস্থা মূল্যায়ন এবং সেখানে বসবাসরত পরিবারগুলোর তথ্য সংগ্রহ করছে।


তবে অর্থের সংকট, ভারী যন্ত্রপাতির ঘাটতি এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত জমির অভাব এ কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মিডিয়া অফিস।


গাজার গণপূর্ত ও আবাসন মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধের ক্ষয়ক্ষতির কারণে প্রায় ৩ হাজার ভবন বিপজ্জনক বা ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে এখন পর্যন্ত ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।


আবাসনের তীব্র সংকটের কারণে বহু পরিবার এখনও ক্ষতিগ্রস্ত ও অনিরাপদ ভবনে বসবাস করছে। স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলো দীর্ঘদিন ধরে গাজায় জরুরি আশ্রয় ও নির্মাণসামগ্রী প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন