আন্তর্জাতিক, আরব
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা-মা, তাদের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। অপর গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারান।
আল উকাইর-আল উয়ুন সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। প্রাথমিক তদন্তে হঠাৎ গাড়ির দিক পরিবর্তন বা আকস্মিকভাবে সরে যাওয়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। তারা দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম গাড়িটিতে একই পরিবারের সাত সদস্য ভ্রমণ করছিলেন। তারা সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। দ্বিতীয় গাড়িতে থাকা দুই তরুণও সংঘর্ষে নিহত হন। ফলে দুর্ঘটনায় দুই গাড়িতে থাকা মোট নয়জনের সবাই মারা যান।
ভয়াবহ এ দুর্ঘটনার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
সূত্র: গালফ নিউজ
ডিবিসি/এসএফএল