সারা বাংলা
নাটোরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেলসহ চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইফতেখার আহম্মেদ ফয়সাল নাহিদ (২৬) সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ঝিকিড়া এলাকার মো. ইমরুল কায়েসের ছেলে।
পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামের মো. মিঠু সিকদার লালপুর বাজারের একটি চায়ের দোকানের পাশে তাঁর ব্যবহৃত কালো রঙের মোটরসাইকেলটি (রাজ মেট্রো-হ-১৩-০৭৩৫) পার্ক করে ভেতরে যান। ফিরে এসে দেখেন সেটি চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পালিদেহা (খাঁপাড়া) গ্রামের একটি রাস্তা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ নাহিদকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও লালপুর থানায় একটি চুরির মামলা রয়েছে। বর্তমান মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
ডিবিসি/আরএসএল